ইউক্রেনে যুদ্ধবিরতির আগে মরিয়া লড়াই

ডেবালৎসেভ শহর রেল যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ
ছবির ক্যাপশান, ডেবালৎসেভ শহর রেল যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ
Published

পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি বলবৎ হবার মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও সেখানে এখনো তীব্র লড়াই চলছে।

ওই এলাকার রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ডেবালৎসেভ শহরের ওপর রুশ সমর্থিত বিদ্রোহীরা ব্যাপক গোলাবর্ষণ করেছে।

ক্রাইমিয়ার সাথে সংযোগ রক্ষাকারী মারিওপোল শহরেও নতুন করে লড়াই চলছে।

ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন বিদ্রোহীদের হাতে এখন নেটোর অনেক সৈন্যের চাইতেও ভালো অস্ত্র আছে।

ইউক্রেনে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে বিদ্রোহীরা ডেবালৎসেভ শহর ধ্বংস করে দিয়েছে।

শহরে আগুন জ্বলছে এবং আবাসিক এলাকার ওপর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে পুলিশ বলছে ।

শহরের পুলিশ স্টেশনেও সরাসরি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে ইউক্রেনের খবরে বলা হচ্ছে।

পূর্ব ইউরোপে সংঘর্ষ বৃদ্ধির জন্য ইউক্রেন সরকারি বাহিনি এবং রুশ সমর্থিত বিদ্রোহীরা পরস্পরকে দোষারোপ করছে। বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে।

ইউক্রেনের সরকারি বাহিনির দিক থেকে হামলা চালানোর অভিযোগও করছে বিদ্রোহীরা।

ডেবালৎসেভ শহর রেল যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ -তাই পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিরতি বলবৎ হওয়ার আগেই বিদ্রোহীরা এই শহরের দখল নিতে মরিয়া।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন প্রায় ৫০টির মত ট্যাংক ও ভারী কামান রাশিয়া থেকে ইউক্রেনে ঢুকেছে এবং সেগুলো সম্ভবত ডেবালৎসেভের দিকে যাচ্ছে।

মস্কো কর্তৃপক্ষ বিদ্রোহীদের অস্ত্র বা সমর্থন যোগানোর অভিযোগ আবার অস্বীকার করেছে।