আবুধাবিতে অগ্নিকান্ডে তিনজন বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কা

ছবির উৎস, Getty Images
আবুধাবিতে আজ শুক্রবার ভোররাতে একটি ভবনে আগুন লাগার পর সেখানে ১০টি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ওই ভবনটির নিচ তলায় দোকান এবং ওপরতলায় কিছু লোক থাকতেন যাদের মধ্যে কয়েক জন বাংলাদেশিও ছিলেন ।
এদের মধ্যে তিনজন বাংলাদেশি অগ্নিকান্ডের পর থেকে নিখোঁজ আছেন।
তবে মৃতদেহগুলো একেবারেই পুড়ে যাওয়ায় তাদের কাউকেই সনাক্ত করা যায় নি।
বাংলাদেশর রাষ্ট্রদূত মুহম্মদ ইমরান বলছেন, আরো কয়েকজন বাংলাদেশী ওই ঘটনায় আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিঃ ইমরান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন পোড়ার কারণে তাদের সনাক্ত করা যাচ্ছে না। তবে যেহেতু সেখানে থাকতেন এমন তিনজন বাংলাদেশিকে পাওয়া যাচ্ছে না তাই তারা আশঙ্কা করছেন নিহত দশজনের মধ্যে তিনজন বাংলাদেশি হতে পারেন।
নিখোঁজ আরো তিনজন যাদের পরে হাসপাতালে পাওয়া গেছে তারা হয় অগ্নিদগ্ধ হয়েছেন নয়ত আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পড়ার কারণে আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে কথা বলার পর নিখোঁজ ব্যক্তিদের পরিচয় তারা প্রকাশ করবেন।
নিচতলার দোকানঘরে শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এলাকাটি একটি শিল্পাঞ্চল এবং সেখানে অনেক অটোমোবাইল ওয়ার্কশপ আছে বলে জানান মিঃ ইমরান।
তিনি জানান নিহতদের মধ্যে অন্য দেশের নাগরিকও রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ দুএকদিনের মধ্যে নিহতদের নাম পরিচয় জানাতে পারবে বলে তারা আশা করছেন।








