ঢাকার মেয়র নির্বাচনের উদ্যোগ নিতে বলেছে সরকার

ছবির উৎস, bbc
বাংলাদেশে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে সরকার।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন আজ (সোমবার) অফিস ছুটির আগ মুহূর্তে সরকারের স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে চিঠি পেয়েছেন তারা।
কমিশনার মি শাহনেওয়াজ জানান, আগামীকাল (মঙ্গলবার) হয়ত এ নিয়ে তারা নিজেদের মধ্যে প্রাথমিকভাবে কথা বলবেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এখন এ ধরণের এ ধরণের নির্বাচন কতটা সম্ভব-- বিবিসির এক প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, দিনক্ষণ ঠিক করার সময় রাজনৈতিক পরিস্থিতি এবং এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন বিষয় অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।
২০০৭ সালে সাদেক হোসেন খোকার মেয়াদ শেষ হওয়ার পর গত আট বছর ধরে এই নির্বাচন ঝুলে রয়েছে।
সে বছরই অর্থাৎ ২০০৭ সালে তৎকালীন নির্বাচন কমিশন ঢাকার মেয়র নির্বাচনের উদ্যোগ নিলেও সরকারের অনাগ্রহে তা করা যায়নি।
এরপর ২০১১ সালে ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙ্গে দুটো কর্পোরেশন করা হয়।
বর্তমানে সরকারের নিয়োগকৃত প্রশাসকরা এই দুটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালাচ্ছেন।








