খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবির উৎস, focus bangla
বাংলাদেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
ওই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছিল এবং খালেদা জিয়া শুনানিতে হাজির হননি মর্মে আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে খবরে বলা হচ্ছে।
খালেদা জিয়ার একজন আইনজীবী সানাউল্লাহ মিয়া বিবিসিকে বলেছেন, সকালে তাদের করা একটি আবেদন শুনে সেটিকে নাকচ করে দেয় আদালত এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আইনজীবীরা দ্বিতীয় একটি আবেদন করেছেন, যেটির শুনানি এখন চলছে।
মি. মিয়া বলছেন, 'উচ্চ আদালতের একটি নির্দেশ আছে যেখানে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা যাবে না বলে বলা হয়েছে। তারা আশা করছেন দ্বিতীয় আবেদন শুনে আদালত সেটা বুঝবেন এবং পরোয়ানা প্রত্যাহার করে নেবেন'।
খালেদা জিয়া গত তেসরা জানুয়ারি থেকে তার গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন।
সেখান থেকে তার ঘোষিত টানা অবরোধ বাংলাদেশে এখনো চলছে।
এই অবরোধ এবং হরতালের কারণেই খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি বলে তার আইনজীবীরা আবেদনে উল্লেখ করেছেন।








