মোদী সরকারের প্রথম রেল বাজেটে যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর

ছবির উৎস, BBC World Service
- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি বাংলা, কলকাতা
- Published
ভারতের রেল বাজেটে পরবর্তী পাঁচ বছরে ১৩৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
নতুন করে যাত্রী ভাড়া যেমন বাড়ানো হয় নি, তেমনই একরকম নজিরবিহীনভাবে ঘোষণা করা হয় নি কোনও নতুন ট্রেনেরও।
বাজেট পেশ করার সময়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপরে সবথেকে বেশী জোর দিয়েছেন রেল মন্ত্রী সুরেশ প্রভু।
ট্রেনের গতি বৃদ্ধি, আর স্বচ্ছতার দিকেও নজর দেওয়া হয়েছে বাজেটে।
বড় স্টেশনগুলিতে ওয়াই-ফাই ইন্টারনেট পরিষেবা, ট্রেনের টিকিট কাটার যাত্রী-বান্ধব ব্যবস্থা, মহিলা যাত্রীদের সুরক্ষায় দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি ক্যামেরা বসানোর মতো পরিকল্পনাও জানিয়েছেন রেলমন্ত্রী।
যাত্রী ভাড়া না বাড়ায় সাধারণ মানুষের একটা বড় অংশই খুশি হয়েছেন।
ভারতীয় রেল কর্মসংস্থানের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় সংস্থা, তবে এর পরিষেবার মান নিয়ে সবসময়েই সমালোচনা হয়ে থাকে।
প্রতিদিন ১২০০০ ট্রেন চালায় ভারতীয় রেল, কিন্তু এই পরিষেবা ও নেটওয়ার্কের আমূল সংস্কার করা দরকার বলে মনে করেন অনেকেই।








