১২ বছর পর আবার খোলা হল ইরাকের জাতীয় জাদুঘর

ছবির উৎস, AFP
ইরাকে ১২ বছর পর পুনরায় খুলে দেয়া হয়েছে মার্কিন-নেতৃত্বাধীন আক্রমণের সময় বন্ধ করে দেয়া দেশটির জাতীয় জাদুঘর।
ব্যাপক সংস্কার এবং অনেক লুট হয়ে যাওয়া পুরাতত্ত্ব পুনরুদ্ধারের পর এটি চালু করা হল।
এ সপ্তাহেই ইরাকের মসুল শহরে দেশটির প্রাচীন পুরাকীর্তিগুলোর উপর ইসলামিক স্টেট সদস্যরা আক্রমণ চালালে ইরাকের জাতীয় জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে আবারও খুলে দেয়া হয়।
ইরাকের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইতিমধ্যেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরী বৈঠক ডেকেছে বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কো ।
ইরাকের ঐতিহ্যবাহী ভাস্কর্যগুলো ভেঙ্গে ফেলার ঘটনায় নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ।
ইসলামিক স্টেট সদস্যরা এগুলোকে বর্বরতার প্রতীক মূর্তি হিসেবে বর্ণনা করে এগুলো ধ্বংস করা শুরু করে।

ছবির উৎস, AP
আর এরই প্রেক্ষিতে ১২ বছর বন্ধ থাকবার পর বাগদাদে অবস্থিত জাতীয় জাদুঘরটি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বাগদাদ জাদুঘর পুনরায় চালু করবার অনুষ্ঠানে ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সভ্যতা ও মানবতার ঐতিহ্যকে ধ্বংস করার অভিযোগ করেন।
ইরাকে সাদ্দাম হুসেইন সরকারের পতনের সময় লুট করা হয়েছিল জাতীয় জাদুঘরের প্রায় ১৫ হাজার পুরাতত্ত্ব, যার এক-তৃতীয়াংশই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
জাদুঘরটিতে সংরক্ষিত আছে মেসোপটেমিয়াসহ ৭ হাজার বছরের সভ্যতার ইতিহাস।








