স্বেচ্ছামৃত্যুর অনুমতি চাইলো অসুস্থ মেয়েটি

ছবির উৎস, AP
চিলিতে ১৪ বছর বয়েসি একটি অসুস্থ মেয়ে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সে স্বেচ্ছামরণের অনুমতি পাওয়ার আবেদন করেছে প্রেসিডেন্টের কাছে।
ভ্যালেন্টিনা মরেইরা নামে এই মেয়েটি সিসটিক ফিব্রোসিস নামে নিরাময় অযোগ্য একটি জিনগত রোগে আক্রান্ত।
ভ্যালেন্টিনা বলছে, 'আমি জরুরী ভিত্তিতে প্রেসিডেন্টের সাথে কথা বলতে চেয়েছি, কারণ এই রোগটিকে নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি'।
সামাজিক যোগাযোগের মাধ্যমে হাজার হাজার মানুষ তার এই ভিডিও-চিত্রটি দেখার পর চিলির প্রেসিডেন্ট মিচেল বেচেলেটেরও নজরে এসেছে ভিডিওটি।
তিনি আর দেরী না করে হাসপাতালে গেছেন অসুস্থ ভ্যালেন্টিনাকে দেখতে।
তার মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনাকে আত্মহত্যার অনুমতি দেয়া হবে না, তবে যতদিন সে বেঁচে আছে ততদিন ধরে তার মানসিক চিকিৎসা চালিয়ে যেতে খরচ দেবে সরকার।
চিলিতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ।
তবে ভ্যালেন্টিনার স্বেচ্ছামৃত্যুর এই আবেদন এই আইনটিকে নিয়ে বিতর্ক আবার উস্কে দিয়েছে।








