কানসাটে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা: একজনের মৃত্যু

ছবির উৎস, focusbangla
বাংলাদেশের বিরোধী জোটের ডাকা অবরোধ ও হরতালের মধ্যে আজ ভোরে চাপাই নবাবগঞ্জের কানসাটে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হলে এর চালক পুড়ে মারা গেছেন।
নিহত চালকের নাম শিপন (৩০) বলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন।
শাকিল নামে চালকের একজন সহকারী অগ্নিদগ্ধ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ছবির উৎস, focusbangla
শিবগঞ্জের ওসি ময়নুল ইসলাম জানান, চাপাই নবাগঞ্জ থেকে সোনা মসজিদের দিকে যাবার সময় আজ ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত কাভার্ড ভ্যানটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
আগুনে পুড়ে ঘটনাস্থলেই চালক শিপন মারা যান।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ময়নুল ইসলাম। তারা বিএনপি-জামাতের সমর্থক সন্ত্রাসী বলে তিনি উল্লেখ করেন।
বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে অবরোধ ও দফায়-দফায় হরতালের মধ্যে মঙ্গলবার ভোরে কানসাটে বেশ কিছু ট্রাকে আগুন দেয়া হয়।




