খালেদার গাড়িবহরে হামলায় পাল্টাপাল্টি মামলা

Published

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে বুধবার হামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা হয়েছে।

ঢাকায় সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা চালানোর সময় খালেদা জিয়ার গাড়ী বহরে এটি ছিল তৃতীয় দফা হামলা।

গতকাল বুধবারের সর্বশেষ ঘটনার পর খালেদা জিয়া আজ আর নির্বাচনী প্রচারে বের হননি।

অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের কর্মীরা এই হামলার সাথে জড়িত এবং পুলিশের উপস্থিতিতে এসব ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

রমনা থানায় বৃহস্পতিবার দুপক্ষ থেকে এই মামলাগুলো করা হয়।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা ৩০/৪০জনকে আসামী করে সকালে একটি মামলা করেন শাহবাগ থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বাবু হাসান।

এর কিছুক্ষণ পর অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে আরেকটি মামলা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল কাইয়ুম।

উভয় মামলাতেই হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া বুধবার যখন তাঁর কনভয় নিয়ে বেরিয়েছিলেন, তখন রাজধানীর বাংলামোটর এলাকায় বিকেল সোয়া পাঁচটা নাগাদ এই হামলা চালানো হয়।

হামলার জন্য বিএনপি-র পক্ষ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগকেই দায়ী করা হয়েছে।

এই ঘটনার মাত্র দুদিন আগে, সোমবারেই ঢাকার কাওরানবাজার এলাকাতেও খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটেছিল। গতকাল মঙ্গলবারও ঢাকার রাজপথে তার গাড়িবহরকে ধাওয়া করা হয়েছিল।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া যেহেতু তাঁর সফরের রুট পুলিশ-প্রশাসনকে কখনওই জানান না, তাই এমন হামলার ঘটনা ঘটলে সরকারের পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয়।

এদিকে সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এই হামলার জন্য আজ বিএনপি নেত্রীকেই দোষারোপ করে বলেছেন, বিএনপি দেশজুড়ে যে সহিংসতা চালিয়েছে, তার পরিণামে খালেদা জিয়া জনরোষের শিকার হচ্ছেন।

আজ এক সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়াকে বাইরে না বেরনোরও পরামর্শ দেন।