ঢাকা ও চট্টগ্রামে কাল ভোট,যান চলাচলে নিষেধাজ্ঞা

bbc
ছবির ক্যাপশান, ঢাকার কারওয়ানবাজার এলাকা থেকে ছবিটি সোমবার দুপুরে তোলা, রাত ১২টা থেকে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা
Published

বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আর একদিন বাকি।

আগামীকাল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে আজ সোমবার রাত ১২ টা থেকে ২৮শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

bbc
ছবির ক্যাপশান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যালট বক্স ও নির্বাচনের নানা সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নিচ্ছেন।

সরকাররের তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই খবর।

তবে এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে পরিচয়পত্র থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল করা হবে।

তাছাড়া নির্বাচনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এই আদেশের আওতামুক্ত থাকবে জরুরি সেবা ও পণ্য পরিবহন।

এছাড়া ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২৮ এপ্রিল নির্বাচনের দিন সাধারণ ছুটির কথা ঘোষণা করা হয়েছে।