অঘোষিত সফরে সোমালিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি

kerry somalia visit
ছবির ক্যাপশান, সোমালিয়ার প্রেসিডেন্টের সাথে জন কেরি
Published

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক অঘোষিত সফরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গিয়েছেন।

কড়া নিরাপত্তার মধ্যে মাত্র কয়েক ঘন্টার এ সফরের সময় মি. কেরি মোগাদিসু বিমানবন্দরের বাইরে যাননি, তবে সোমালিয়ায় এটিই কোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

বিমান বন্দরেই তিনি সোমলিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ, দেশটির বিভিন্ন অঞ্চলে নেতৃবৃন্দ, এবং বিভিন্ন নাগরিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে কথা বলছেন।

কট্টর ইসলামপন্থি জঙ্গী গোষ্ঠী আল-শাবাব এখনও সোমালিয়ার বিশাল একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে আল-শাবাবের বেশ কিছু নেতার মৃত্যু হয়েছে আমেরিকান ড্রোন হামলায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, সোমালিয়ার মাটিতে এই প্রথমবারের মত কোনো আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী পা রেখে এই বার্তা দিচ্ছেন যে সন্ত্রাস মোকাবেলা থেকে যুক্তরাষ্ট্র সরছে না।

জন কেরির সফরকে ঘিরে মোগাদিসু বিমান বন্দরে ছিল নিরাপত্তার সাংঘাতিক কড়াকড়ি।

kerry somalia visit
ছবির ক্যাপশান, আল-শাবাবের যোদ্ধারা সোমালিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে

মি. কেরি সোমালিয়ার আগে কেনিয়া সফর করেছেন। সোমালিয়া থেকে পালিয়ে আসা যে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে কেনিয়ার দাদাব শরণার্থী শিবিরে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের তরফে সাড়ে চার কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন জন কেরি।

সোমালিয়া বহু দশক ধরেই এক অকার্যকর রাষ্ট্র। সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় হিমসিম খাচ্ছে।

মোগাদিসুতে জন কেরির এই সফরকে দেখা হচ্ছে এই সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের প্রতীক হিসেবে।

প্রেসিডেন্ট ওবামার মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র মোগাদিসুতে তাদের দূতাবাস খুলতে চায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেন, জন কেরির এই সফর জঙ্গী ইসলামী গোষ্ঠী আল শাবাবকে একটা কঠোর বার্তা দেবে যে যুক্তরাষ্ট্র সোমালিয়ার জনগণকে পরিত্যাগ করছে না।