পাকিস্তানে বাসে হামলায় অন্তত ৪৩জন নিহত

ছবির উৎস, Getty
পাকিস্তানের করাচীতে একটি বাসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে।
বুধবার সকালে ইসমাইলি শিয়া মুসলিমদের বহনকারী ওই বাসটি থামিয়ে বন্দুকধারীরা যাত্রীদের লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, কমপক্ষে ছয়জন হামলাকারী মোটরসাইকেলে করে এসে বাসটিতে হামলা চালায়।
সশস্ত্র হামলাকারীরা বাসটি ঘিরে ফেলে, তারপর বাসে উঠে এলোপাথাড়ি গুলি চালায়।
শিয়া মুসলিমদের এই দলটি প্রতিদিনের মতই বাসে করে মসজিদে যাচ্ছিল।
করাচী পুলিশের মুখপাত্র আতিক শেখ জানিয়েছেন, নারী ও পুরুষ মিলে ৪৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১৩ জন।
এখনো কোন গ্রুপ যদিও ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি, কিন্তু পুলিশ বলছে সুন্নি উগ্রপন্থীরা এই হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে।
পাকিস্তানের সংখ্যালঘু ইসমাইলি সম্প্রদায়ের ওপর এটাই প্রথম বড়ধরনের হামলার ঘটনা।
অবশ্য পাকিস্তানে প্রায়ই সংখ্যালঘু শিয়া মুসলিমরা সুন্নি জঙ্গিদের হামলার শিকার হয়ে থাকে।








