রামাদি শহর পুর্নদখলে সরকারি বাহিনী লড়াই শুরু করেছে

ইরাকে রামাদি শহরটি ইসলামিক স্টেটের যোদ্ধারা দখল করে নেবার প্রায় এক সপ্তাহ পর সরকারি বাহিনী পাল্টা লড়াই শুরু করেছে।
স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন ইতিমধ্যে নিরাপত্তা বাহিনী এবং শিয়া মিলিশিয়ারা রামাদির পূর্বে হুসাইবা শহরের বেশির ভাগ এলাকা থেকেই আইএস জঙ্গীদের হটিয়ে দিয়েছে।
এছাড়া মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনও আইএসের লক্ষ্যবস্তুগুলোর ওপর বিমান হামলা চালাচ্ছে।
ইরাকী কর্মকর্তারা বলছেন গত সপ্তাহে রামাদির পতনের পর প্রায় ৩০০০ ইরাকি মিলিশিয়া আজ শনিবার আইএস যোদ্ধাদের পেছু হটানোর লড়াই শুরু করেছে।

ছবির উৎস, AP
আনবার প্রদেশের রাজধানী রামাদি বাগদাদের মাত্র ১১০ কিলোমিটার পশ্চিমে এবং ওই শহরে ৫শ লোক মারা গেছে এবং ৪০ হাজার শহর ছেড়ে পালিয়েছে।
উর্ধ্বতন একজন ইরাকি সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছেন সরকারি বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত আল-হাশ্দ্ আল-শাবি নামে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা হাবানিয়ায় ইরাকি বিমান ঘাঁটি থেকে তাদের আক্রমণ চালিয়েছে।
রামাদির নিয়ন্ত্রণ আইএস জঙ্গীদের হাতে চলে যাওয়াটা ইরাকি সেনাবাহিনী, প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এবং আমেরিকার জন্য বড়ধরনের একটা ধাক্কা বলে জানাচ্ছেন বৈরুতে বিবিসির সংবাদদাতা জিম মিউর।
তিনি বলছেন সরকারের সশস্ত্র বাহিনী এবং পুলিশ আইএস জঙ্গীদের মোকাবেলায় সক্ষম বলে দেশটির সরকারি নীতিকে এতদিন সমর্থন যুগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মাত্র ২০০জন আইএস যোদ্ধা তাদের চেয়ে দশগুণ বেশি ইরাকি সৈন্যকে হটিয়ে গত সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ রামাদি শহরটির দখল নেয়।
স্বেচ্ছাসেবক এই বাহিনীর সদস্যরা মূলত শিয়া এবং ইসলামি স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ধর্মীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে তারা যুদ্ধে নেমেছে।
তবে সুন্নি প্রধান এই এলাকাটি পুনরুদ্ধারের লড়াইয়ে শিয়া মিলিশিয়াদের অংশগ্রহণে সেখানে আবার গোষ্ঠীগত উত্তেজনা তৈরি হতে পারে এমন আশংকাও দেখা দিয়েছে।








