তাজরীন মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

অগ্নিকাণ্ডের পর তাজরীন ফ্যাশন্স
ছবির ক্যাপশান, অগ্নিকাণ্ডের পর তাজরীন ফ্যাশন্স
Published

তাজরীন ফ্যাশন্সের অগ্নিকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

আসামীপক্ষ সময়ের আবেদন করায় অভিযোগ গঠনের জন্য ১৩ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।

২০১৩ সালের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সেখানে কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ মোট ১৩জন আসামী করা হয়।

আসামীদের বিরুদ্ধে ‘অপরাধমূলক মানুষ হত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে।

গতমাসে অভিযোগপত্রটি গ্রহণ করে অভিযোগ গঠনের জন্য ৮ জুলাই তারিখ নির্ধারণ করেছিল আদালত।

ওই মামলায় তাজরীনের মালিক দেলোয়ার হোসেন গত বছরের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হলেও, আগস্ট মাসে জামিনে মুক্তি পান।

তাজরীন ফ্যাশন্সের ওই হতাহতের ঘটনার বিচারের জন্য দেশের ভেতর ও বাইরের চাপ রয়েছে
ছবির ক্যাপশান, তাজরীন ফ্যাশন্সের ওই হতাহতের ঘটনার বিচারের জন্য দেশের ভেতর ও বাইরের চাপ রয়েছে

২০১২ সালের ২৪ নভেম্বর ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজরীন ফ্যাশন্সের ১১১জন কর্মী দগ্ধ হয়ে মারা যান।

ওই ঘটনার বিচারের জন্য দেশের ভেতরে ও বিদেশ থেকে সরকারের উপর চাপ রয়েছে।

সেই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তদন্ত প্রতিবেদন তৈরি করেছিল সেখানে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডকে নাশকতা বলে চিহ্নিত করা হয়েছিল।

তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ কথাও বলা হয়েছিল যে, সরকারের উন্নয়ন কার্যক্রম নস্যাৎ এবং সরকারের পতনের লক্ষ্যেই সে অগ্নিকাণ্ড ঘটানো হয়।

অবশ্য একই প্রতিবেদনে কারখানার মালিককে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার সুপারিশ করা হয়।