লিবিয়ায় বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ছবির উৎস, n
Published
লিবিয়ায় কর্মরত দুজন বাংলাদেশি গত মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। একই ঘটনায় আহত হন আরও দুজন বাংলাদেশি।
নিহত দুজনের একজন বরিশালের আরিফুল করিম সিদ্দিক এবং অন্যজন হবিগঞ্জের মোহাম্মদ মোসলেহ উদ্দিন।
মঙ্গলবার ওই হামলার ঘটনা ঘটার পর প্রবাসী বাংলাদেশিরাই নিহত দুজনের পরিবারকে খবরটি জানিয়েছেন।
লিবিয়া প্রবাসী মোহাম্মদ রফিক মিয়া বিবিসি বাংলাকে বলেন, বেনগাজি থেকে গাড়ীতে করে এরা সবাই বাজারে যাচ্ছিলেন। কিন্তু পথে তারা একটি সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে পড়েন।
বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের মৃতদেহ রাস্তায় ফেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা।
নিহত দুই বাংলাদেশির পরিবারের সদস্যরা বিবিসিকে জানিয়েছেন, লিবিয়া থেকে তারা কিভাবে মৃতদেহ ফিরিয়ে আনবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।




