জেএমবি'র ভারপ্রাপ্ত আমিরসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাংলাদেশের গোয়েন্দা পুলিশ জানাচ্ছে তারা রাজধানী ঢাকা থেকে জেএমবি সন্দেহে জঙ্গি সংগঠনটির ভারপ্রাপ্ত আমিরসহ ৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্যমতে, তারা রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের একজনের নাম আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি যিনি নিষিদ্ধ ঘোষিত জামা'তুল মুজাহিদীন জেএমবি'র ভারপ্রাপ্ত আমির।
এদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও জিহাদী সিডি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা বিভিন্ন ব্যক্তি ও স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল।
কারাগারে আটক জেএমবি'র বর্তমান আমির মাওলানা সাইদুর রহমানের অবর্তমানে তার ছেলে আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি জেএমবি'র ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।




