বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে আরও একজনের ফাঁসীর দণ্ড

মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ সিরাজুল হক (বাঁয়ে) এবং আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত খান আকরাম হোসেন। চিত্র সৌজন্য: ফোকাস বাংলা।
ছবির ক্যাপশান, মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ সিরাজুল হক (বাঁয়ে) এবং আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত খান আকরাম হোসেন। চিত্র সৌজন্য: ফোকাস বাংলা।
Published

বাংলাদেশে ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ সিরাজুল হক নামে একজনকে আজ মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একই মামলায় খান আকরাম হোসেন নামে আরেকজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

এরা দুজনেই ১৯৭১ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাগেরহাটে নানা অপরাধের সাথে জড়িত ছিলেন বলে আদালত উল্লেখ করছে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ সকালে (মঙ্গলবার) এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোঃ আনোয়ারুল হক।

মামলার আরেক আসামী আব্দুল লতিফ তালুকদার গত জুলাই মাসে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।