খালেদা জিয়ার লন্ডন যাত্রা এখনো অনির্ধারিত

শনিবার রাতে ঢাকার গুলশান কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন খালেদা জিয়া। চিত্র সৌজন্য: ফোকাস বাংলা।
ছবির ক্যাপশান, শনিবার রাতে ঢাকার গুলশান কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন খালেদা জিয়া। চিত্র সৌজন্য: ফোকাস বাংলা।
Published

বাংলাদেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি সম্ভাব্য লন্ডন সফর নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে গত কয়েকদিন ধরে নানা রকম খবর বের হবার প্রেক্ষাপটে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল মালেক বিবিসিকে বলেছেন, 'আমরা আশা করেছিলাম তিনি শুক্রবার রওয়ানা হয়ে আজ (শনিবার) সকালে পৌঁছবেন। এভাবেই আমাদের প্রস্তুতি ছিল'।

তবে খালেদা জিয়া যাননি লন্ডনে। তার পরিবর্তে পনেরোই অগাস্ট জাতীয় শোক দিবসের দিনে জন্মবার্ষিকী পালন নিয়ে বিতর্কের মুখেই শনিবার রাতে গুলশানের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন তিনি।

এদিকে আবদুল মালেক বলছেন, "তাঁর লন্ডন যাবার কোনও নির্ধারিত তারিখ এখনো পাওয়া যায়নি"।

কয়েকটি স্থানীয় গণমাধ্যম রাতে তার জন্মদিনের কেক কাটবার খবর দিয়ে উল্লেখ করছে, খালেদা জিয়াও সাংবাদিকদের বলেছেন তাঁর বিদেশ যাত্রার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

মি. মালেক বলেন, লন্ডনে মিসেস জিয়ার চোখের একটি অপারেশন হবার কথা রয়েছে।

এছাড়া তার তেমন কোনও কর্মসূচী নেই। তবে চিকিৎসার পর তিনি সময় দিলে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির লোকজনের সাথে তাঁর দেখা হতে পারে বলে উল্লেখ করছেন মি. মালেক।

ছেলের সাথে দেখা করতে যাচ্ছেন কি না জানতে চাইলে মি. মালেক বলেন, চিকিৎসাই তার মূল উদ্দেশ্য।

তবে তিনি এও বলেন যে, "এখানে যেহেতু ওনার ছেলে আছে, এটা তো স্বাভাবিক ভাবে ওনার সাথে ওনার ছেলের দেখা হবে। কারণ মা ছেলের দেখা তো অনেক দিন ধরে হয়নি"।

গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন সফর, ভিসা গ্রহণ ইত্যাদি সংক্রান্ত নানা খবরাখবর প্রকাশ হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে।

খবরগুলো দেশটির রাজনৈতিক মহলে দারুণ আলোচিত হচ্ছে।