পশ্চিমবঙ্গে কেন ইলিশ মাছের কদর

Published

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয়েছে ‘গঙ্গা-পদ্মা ইলিশ উৎসব’ নামে এক প্রদর্শনী।

এ জন্য উপহার হিসেবে দুশো ইলিশ পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

কলকাতার কাঁকড়গাছি সুভাস পার্কে অনুষ্ঠিত এই উৎসবে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দলের যোগ দেয়ার কথা রয়েছে।

বাঙ্গালি মাত্রই ইলিশকে ঘিরে কেন এই বিশেষ আগ্রহ?

মাছ বিষয়ে কোলকাতার একজন গবেষক দ্বিজেন বর্মণ বলছিলেন, পশ্চিমবঙ্গের কোলকাতা ছাড়াও নদীয়া ও চব্বিশ পরগনার মানুষ ইলিশ খেতে খুব ভালবাসে।

তিনি বলছেন, যেখানেই বাঙালী আছে সেখানেই এই মাছের কদর।

এমনকি উত্তর প্রদেশের অযোধ্যা, ফরিদাবাদ, দিল্লিতেও প্রচুর ইলিশ খাওয়ার মানুষ আছে।

তার মতে ইলিশের এই জনপ্রিয়তা শুধু স্বাদের জন্য নয় এক্ষেত্রে ব্রান্ড ভ্যালুর মতো একটি বিষয়ও কাজ করে।

তবে ইলিশের দাম এসব স্থানে মেলা।

দাম বেশি হলেও লোকে কিনছেন আর বড়াই করে তা বলেনও সেখানকার মানুষজন।

সংস্কৃতির সাথেও ইলিশের সম্পর্ক আছে।

সরস্বতী পূজার দিন, রথের দিন আর দুর্গা পূজার দশমীর দিন ইলিশ খাওয়ার একটা প্রথা আছে।

রথের দিন জোড়া ইলিশ কিনে ধুপ দিয়ে, মাছের গায়ে হলুদ লাগিয়ে তাকে ঘরে তোলা হয়।

এভাবে বরন করার গানও রয়েছে পশ্চিমবঙ্গে।