বাংলাদেশে আরো একজন প্রকাশককে হত্যার হুমকি

ছবির উৎস, Facebook
বাংলাদেশে একজন প্রকাশককে নিজ কার্যালয়ে হত্যার একদিন পরই আরো একজন প্রকাশককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এসেছে।
প্রকাশনা সংস্থা, সময় প্রকাশনের মালিক ফরিদ আহমেদকে আজ সকালে একটি এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
নাস্তিকদের বই ছাপানোর জন্য তাকে হত্যা করা হবে বলে এসএমএস বার্তায় উল্লেখ করা হয়। বার্তাপ্রদানকারী হিসেবে আল-আহরার ইউকে নামের একটি সংস্থার নামও লেখা ছিল।
"আমি যেহেতু মুক্তিচিন্তার এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন বই ছাপি এবং গতকাল আমি টক শোতে অনেক কথা বলেছি, সেকারণে আমাকে হুমকি দেয়া হতে পারে" বলেন মি. আহমেদ।
হুমকির বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
শনিবার এক হামলায় শাহবাগে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয় এবং পৃথক আরেকটি হামলায় লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ আরো দুজনকে আহত করা হয়।




