আলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর

অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ
ছবির ক্যাপশান, অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ
Published

আলফা নেতা অনুপ চেটিয়াকে বুধবার ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই খবর দিয়েছে।

অত্যন্ত বিশ্বাসযোগ্য সোর্সের বরাতে পিটিআই বলছে, বুধবার ভোরে তাকে ভারতের কাছে তুলে দেয়া হয়।

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা আলফার এই নেতাকে ১১৯৭ সালে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের পুলিশ।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ''অনুপ চেটিয়া একজন ভারতীয় নাগরিক। আমাদের আইনের কারণে তিনি কারাগারে আটক ছিলেন। তার আটকাদেশ শেষ হওয়ার পর তিনি বিদেশী, তিনি দেশ ত্যাগ করতে চেয়েছেন। তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি।''

পিটিআইয়ের দাবি, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপেই এই হস্তান্তর হয়েছে।

আলফার প্রতিষ্ঠাতা সদস্য এবং সাধারণ সম্পাদক, অনুপ চেটিয়ার বিরুদ্ধে ভারতে হত্যা, অপহরণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

অবৈধ অনুপ্রবেশ, জাল পাসপোর্ট বহন এবং অবৈধ বিদেশি মুদ্রা বহনের অভিযোগ বাংলাদেশে তার সাত বছরের কারাদণ্ড হয়েছিল।

কারাগারে থাকার সময় তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হয়।

তবে কারাদণ্ডের মেয়াদ শেষ হলেও, তার আশ্রয় আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিরাপত্তা হেফাজতে রাখতে আদেশ দিয়েছিল বাংলাদেশের উচ্চ আদালত।