দিনাজপুরে ইতালীয় নাগরিকের ওপর হামলা

ছবির উৎস, AP
বাংলাদেশের দিনাজপুরে আজ বুধবার সকাল আটটার দিকে একজন ইতালীয় নাগরিকের ওপর হামলা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমীন বিবিসি বাংলাকে বলেছেন সকালে সাইকেলে করে তার কর্মক্ষেত্রে যাওয়ার পথে পিছনের দিক থেকে তার মাথা লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
তবে স্থানীয় সাংবাদিকরা বলছেন বিদেশী এই নাগরিককে লক্ষ্য করে গুলি করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে এই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন, সেই হাসপাতালের পরিচালক তরুণকান্তি হালদার বিবিসি বাংলাকে বলেছেন ওই ইতালীয়র চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে পরীক্ষার পর মনে করছে তাকে গুলি করা হয়েছিল। তিনি গুলিবিদ্ধ হন নি এবং গুলিটি তার ঘাড়ের চামড়ার ওপর আঘাত করে পাশ দিয়ে বেরিয়ে গেছে।
মিঃ হালদার বলেছেন ওই ব্যক্তি এখন শঙ্কামুক্ত তবে মাথার ভেতরে তিনি কোনো আঘাত পেয়েছেন কীনা তা পরীক্ষা করে দেখার জন্য তাকে ঢাকার হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পুলিশ বলছে শহরের বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে এই হামলার ঘটনা ঘটে।
পিয়েরো পারোলারি নামে এই ইতালিয়ান নাগরিক প্রায় ৩০ বছর ধরে স্থানীয় একটি মিশনে কাজ করছেন। তিনি পেশায় একজন চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ।
গত ২৮শে সেপ্টেম্বর মাসে ঢাকার গুলশানে চেজারে তাভেলা নামে একজন ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়।








