মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির আদেশ বহাল

bbc
ছবির ক্যাপশান, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (ফাইল ছবি)
Published

বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এর আগে গতকাল মঙ্গলবার আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয় মুজাহিদের। এবং আজ বুধবার সাকা চৌধুরীর রায় পুনর্বিবেচনার শুনানি হয়।

এবছরের ৩০শে সেপ্টেম্বর মি. মুজাহিদের সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

এরপর রায় পুনর্বিবেচনার জন্য আপিল করেন তিনি।

bbc
ছবির ক্যাপশান, সালাউদ্দিন কাদের চৌধুরী (ফাইল ফটো)

সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা চৌধুরী।

এই রিভিউ পিটিশন হচ্ছে আইনগত প্রক্রিয়ার শেষ ধাপ। এরপর আর কোন আইনগত প্রক্রিয়া নেই।

রিভিউ পিটিশনগুলো খারিজ হয়ে যাওয়ায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সাকা চৌধুরীর সামনে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া অন্য কোন উপায় থাকবে না ।

২০১৩ সালের ১৭ জুলাই স্বাধীনতা যুদ্ধে আলবদর বাহিনীর নেতা মুজাহিদকে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

১৯৭১ সালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এদিকে আজকের এই দুটি রায়কে কেন্দ্র করে ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সহ প্রধান প্রধান সড়কে রাস্তার দুপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।