ভারতে গুরগাঁও হচ্ছে গুরুগ্রাম: সামাজিক মাধ্যমে ঝড়

গত কয়েক বছরে গুরগাঁও দিল্লির উপকণ্ঠে প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসাবে গড়ে উঠেছে।
ছবির ক্যাপশান, গত কয়েক বছরে গুরগাঁও দিল্লির উপকণ্ঠে প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসাবে গড়ে উঠেছে।
Published

ভারতে রাজধানী দিল্লির উপকণ্ঠে বাণিজ্যিক শহর গুরগাঁও-এর নাম বদলে রাখা হচ্ছে গুরুগ্রাম।

শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থা, বহু বিলাসবহুল আবাসিক কমপ্লেক্স, চোখ ধাঁধানো শপিং মল নিয়ে গড়ে ওঠা গুরগাঁও পড়ে হরিয়ানা রাজ্যে এবং অনেকের কাছে এই নতুন শহর পরিচিত মিলেনিয়াম সিটি নামে।

বিভিন্ন পেশাজীবী কাজের সুবাদে যাদের অনেক ঘুরে বেড়াতে হয় দিল্লি বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় গুরগাঁও তাদের জন্য খুবই আকর্ষণীয় আবাসিক এলাকা হয়ে উঠেছে।

এখন এই শহরের নাম যে গুরুগ্রাম রাখার সিদ্ধান্ত হয়েছে তাতে যে গুরুর কথা বলা হচ্ছে তিনি হলেন হিন্দু মহাকাব্য মহাভারতে ধনুর্বিদ্যার শিক্ষাগুরু দ্রোণাচার্য।

রিপোর্টে বলা হচ্ছে হরিয়ানার বিজেপি সরকার স্থানীয় পর্যায়ে এক আন্দোলনের পর গুরগাঁওয়ের নাম বদলে গুরুগ্রাম রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জেলার সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে ''এলাকাটির নামকরণ হয়েছিল গুরু দ্রোণাচার্যের নামে, আদি নাম ছিল গুরু গ্রাম- কিন্তু সময়ের সঙ্গে সেই নাম বিকৃত হয়ে গুরগাঁও হয়ে গেছে। সেই আদি নামটাই আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি।''

তবে গুরগাঁও-এর নাম বদলের এই সিদ্ধান্তে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

#Gurugram এই হ্যাশট্যাগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এখন সরগরম- নানা মানুষ নানাধরনের সরস মন্তব্য করছে, অনেকে এই সিদ্ধান্ত নিয়ে ঠাট্টা মস্করা করতেও ছাড়ছে না।

গত দুই দশকে কৃষিনির্ভর গুরগাঁও-এর চেহারা আমূল বদলে গেছে। চাষবাসের মাঠের জায়গায় গড়ে উঠেছে বড় বড় ইমারত। অসংখ্য কল সেন্টার আর আউটসোর্সিং শিল্পের দৌলতে গুরগাঁও এখন প্রযুক্তির ব্যস্ত প্রাণকেন্দ্র।

গুরগাঁওয়ের চেহারা আমূল বদলে গেছে কৃষিনির্ভর এলাকা থেকে এখন তা বাণিজ্যিক কেন্দ্র।
ছবির ক্যাপশান, গুরগাঁওয়ের চেহারা আমূল বদলে গেছে কৃষিনির্ভর এলাকা থেকে এখন তা বাণিজ্যিক কেন্দ্র।

তবে এই শহর সম্প্রসারিত হয়েছে সরকারের সহযোগিতা ছাড়াই। ফলে শহরে জন পরিবহন এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার তেমন উন্নতি হয় নি।

সাম্প্রতিক কয়েক বছরে ভারতের বিভিন্ন জায়গায় ভাষা ও জাতীয়তাবাদী আবেগের কারণে বেশ কিছু শহরের নাম বদলানো হয়েছে।