সামরিকভাবে সিরিয়ার সঙ্কট সমাধান সম্ভব নয়: ওবামা

ছবির উৎস, AFP Getty
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, সরাসরি সামরিক হস্তক্ষেপ করে সিরিয়ার সঙ্কট সমাধান করা সম্ভব না বলে তিনি মনে করছেন।
বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়া এবং ইরানসহ সকল পক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য চাপ দিয়েই শুধুমাত্র এই সমস্যার একটি রাজনৈতিক সমাধান পাওয়া সম্ভব।
সিরিয়ার সমস্যা সমাধান করতে সামরিক হস্তক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রক্রিয়ার কথা বললেও প্রেসিডেন্ট ওবামা একথাও বলেছেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।
তিনি বলছেন, “সিরিয়ায় এক করুণ এবং অত্যন্ত জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর কোন সহজ-সরল সমাধান নেই।”
“আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা পশ্চিমা দেশগুলোর জন্য স্থলসেনা পাঠিয়ে আসাদের শাসক-চক্রকে উৎখাত করাটা ভুল হবে।”
“আমরা রাশিয়া এবং ইরানসহ আসাদকে যারা সহযোগিতা দিচ্ছে এমন সব পক্ষের ওপর আন্তর্জাতিক চাপ দিতে পারি, যুদ্ধরত মধ্যপন্থী বিরোধী গ্রুপগুলোকেও চাপ দিতে পারি, যাতে তারা আলোচনায় বসে,” বলেন তিনি।
মি. ওবামা প্রেসিডেন্ট পদে আছেন আর নয় মাস।
তিনি বলছেন, এ সময়েরে মধ্যে ইসলামিক স্টেটকে পরাজিত করা সম্ভব হবে বলে তার মনে হয় না,
তবে তাদের প্রভাব বলয় হয়তো সঙ্কুচিত করে আনা যেতে পারে।
বিবিসিকে দেয়া এই সাক্ষাতকারে লিবিয়া প্রসঙ্গেও কথা বলেছেন বারাক ওবামা। তিনি বলেছেন, লিবিয়ায় একটি স্থিতিশীল সরকার এবং কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ইউরোপের জন্য সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লিবিয়া গুরুত্বপূর্ণ। কারণ - ইসলামিক স্টেট এখন লিবিয়ায় তার উপস্থিতি সম্প্রসারিত করছে।








