সমকামী অধিকারকর্মী হত্যায় একজন আটক

ছবির উৎস, no credit
বাংলাদেশে সমকামী অধিকার বিষয়ক পত্রিকা 'রুপবান' এর সম্পাদক জুলহাজ মান্নান এবং তাঁর বন্ধু মাহবুব রাব্বি তনয় হত্যায় জড়িত সন্দেহে একজনকে আজ পুলিশ আটক করেছে।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, রোববার ভোরের দিকে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা কুষ্টিয়া থেকে শরিফুল ইসলাম ওরফে শিহাব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
পুলিশের সন্দেহ এই ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
আজই এনিয়ে মহানগর পুলিশের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
জুলহাজ ও তনয়কে ২৫শে এপ্রিল ঢাকার কলাবাগানের এক বাসায় কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামা একদল লোক।
এক টুইটার বার্তায় ঐ হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার সহযোগী সংগঠন আনসার-আল-ইসলাম।
উল্লেখ্য জুলহাজ মান্নান ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী এবং মার্কিন সাহায্য সংস্থা ‘ইউএসএআইডি’তে কাজ করতেন।




