ম্যানেজিং কমিটির পদে থাকছেন না সংসদ সদস্যরা

bangladesh_girls_secondary_school
ছবির ক্যাপশান, বর্তমান নিয়মে, সংসদ সদস্যরা তার নির্বাচনী এলাকায় চারটি স্কুল ও চারটি কলেজের ম্যানেজিং কমিটিতে নির্বাচন ছাড়াই থাকতে পারতেন
Published

বাংলাদেশের স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির কোন পদে এখন থেকে সংসদ সদস্যরা থাকতে চাইলে তাদের নির্বাচিত হয়ে আসতে হবে, হাইকোর্ট আজ এমন এক রায় দিয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত এই রায় দিয়েছে।

বর্তমান নিয়মে সংসদ সদস্যরা তার নির্বাচনী এলাকায় চারটি স্কুল ও চারটি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন ছাড়াই থাকতে পারতেন।

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ২০১২ সালে একটি রিট পিটিশন দায়ের করা হয়।

রিট পিটিশনটি দায়ের কারী হাইকোর্টের আইনজীবী ইউনুস আলি আকন্দ বলেছেন আজ আদালতের রায়ের মাধ্যমে ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের বহাল থাকা বন্ধ হল।

এ রিট আবেদনে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ইশরাত জাহান। তিনি বলেন, এমপিদের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে তাদের নির্বাচিত হতে হবে।

শুধু তাই নয়, নির্বাচন ছাড়া কোন স্কুল কলেজের ম্যানেজিং কমিটি গঠন করা যাবেনা।

অনেক ম্যানেজিং কমিটির পদে এমপিরা থাকলেও তারা ঠিকমত সময় দিতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

রিট আবেদনকারী বলছেন, অনেক এমপি পছন্দমত স্কুল বাছাই করে বাকিগুলোতে তাদের মনোনীত ব্যক্তিদের বসিয়ে দিতেন।

কিন্তু আদালতের রায়ের পর এখন সেটি আর হবে না বলে তিনি উল্লেখ করেছেন।

এদিকে, এই রায়ের পর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রায়ের কপি পাবার পর মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।